খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও বাস কেনার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও বাস কেনার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও পেয়েছে দলটি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমোদন দেয় মন্ত্রণালয়। বিএনপি সূত্রে জানা গেছে, গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে বর্তমানে আলোচনা চলছে।

বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন,

> “নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি ও বাস কেনা হচ্ছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এ ধরনের অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) সূত্রে জানা গেছে, জাপান, কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। শেখ হাসিনার জন্য নব্বইয়ের দশকে এবং ২০০৯ সালে সরকার গঠনের পর বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান থেকেই।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন,

> “বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না; এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার, আর ৮০০ শতাংশ শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বের নিরাপত্তা জোরদার করার এই পদক্ষেপকে দলটির আসন্ন প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।