খানের সঙ্গে ‘সোলজার’-এ অভিষেক
ডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় করছেন না কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছিল, তিনি নাকি ওই সিনেমা থেকে বাদ পড়েছেন। তবে তিশা জানালেন, গুঞ্জন নয়—এটা ছিল তাঁর নিজস্ব সিদ্ধান্ত।
তিশা জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র ‘সোলজার’-এর কারণে ছেড়ে দিতে হয়েছে ‘ভালোবাসার মরশুম’। তাঁর ভাষায়,> “দুটো সিনেমার শিডিউল একই সময়ে ছিল। তাই আমি ভেবেছি, আমার অভিনয় জীবনটা বাংলাদেশের সিনেমা দিয়েই শুরু হোক। শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত।”
এর আগে একাধিকবার শোনা গিয়েছিল, শাকিব খানের বিপরীতে তিশার অভিষেক হতে যাচ্ছে—তবে নানা কারণে সেটি বাস্তবায়ন হয়নি। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটছে।
তিশা বলেন,
> “ভিসার একটা জটিলতা ছিল, কিন্তু আসল কারণ হলো শিডিউল মেলেনি। ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’—দুটোই একই সময়ে শুটিং শুরু করছিল। আমি তখন সিদ্ধান্ত নিই, বাংলাদেশের সিনেমাকেই অগ্রাধিকার দেব। আমি বাংলাদেশের মেয়ে, তাই আমার কাছে আগে বাংলাদেশ।”
সংবাদমাধ্যমে প্রচারিত কিছু খবর নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন,
> “কিছু শিরোনাম দেখে অবাক হয়েছি। আমার সঙ্গে কথা না বলেই অনেকেই লিখেছেন আমি নাকি বাদ পড়েছি। আমি সব সময় চাই, সাংবাদিকরা আমার ভাই-সহকর্মী হিসেবে আমার সঙ্গে কথা বলে খবরটি লিখুক।”
ইতিমধ্যে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এখন পর্যন্ত অন্যান্য শিল্পীদের সঙ্গে দৃশ্যধারণ সম্পন্ন করেছেন তিনি। আর আসছে ১১ অক্টোবর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন এই জনপ্রিয় অভিনেত্রী।
দেশপ্রেমের প্রেক্ষাপটে নির্মিত ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বছরের শেষ দিকে অথবা আগামী বছর দুই ঈদের বাইরের যেকোনো সময় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
বাংলা চলচ্চিত্রে নতুন জুটি শাকিব খান ও তানজিন তিশা—এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।









