খাগড়াছড়িতে চলছে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজ সোমবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই শ্যামা পূজা উদযাপন হচ্ছে
খাগড়াছড়ি জেলা ও উপজেলায়।
খাগড়াছড়ি আনন্দ নগর ভুবনেশ্বরী কালী মন্দিরে সকাল থেকে কালী পুজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছে সারাদিন ব্যাপী সেই সাথে পূজা অনুষ্ঠিত হচ্ছে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ সহ খাগড়াছড়ির বিভিন্ন মন্দিরে।
। হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষায় ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রাকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মা কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে জেলা উপজেলায় মন্দিরে মন্দিরে মহা ধুমধামে কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে ।
দুর্গাপূজার মতো কালী পূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালী পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর, ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে আজ খাগড়াছড়িতে জেলার বিভিন্ন এলাকায় কালী পূজার আয়োজন করা হয়েছে।









