কৃষ্ণনগরে ৫৩ বছর পর পৈত্রিক জমি দখলে পেলেন শাহাবাজ আলী
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মৌজার ১০ শতাংশ পৈত্রিক জমি দীর্ঘ ৫৩ বছর পর দখলে নিয়েছেন কালিকাপুর গ্রামের শাহাবাজ আলী।
শাহাবাজ আলীর ছেলে আলমগীর জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত কালিকাপুর (বড়) মৌজার ১৫৩৪ খতিয়ানভুক্ত এসএ ৩১৫০ ও হাল ৪১০২ দাগের জমি তারা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন। কিন্তু ওই জমিটি কালিকাপুর গ্রামের রেজাউল করিম অবৈধভাবে দখলে রেখেছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। আদালতের শুনানি শেষে শাহাবাজ আলীর পক্ষে রায় প্রদান করেন বিচারক।
আদালতের রায় ও জমির মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সম্প্রতি জমিটি দখলে নেন শাহাবাজ আলী।
শাহাবাজ আলীর পরিবার বলেন দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় তারা আইনের প্রতি আস্থা আরও দৃঢ়ভাবে ফিরে পেয়েছেন।
এ বিষয়ে প্রতিপক্ষের রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।









