কুতুবদিয়ার ধুরুং বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
কুতুবদিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে তুলে ধরতে কুতুবদিয়ার বৃহত্তর ধুরুং বাজারে লিফলেট বিতরণ করেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ধুরুং বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তিনি এ লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন,“দেশের জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়—এটি হলো জাতির মুক্তি সনদ। আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এই বার্তা—গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে জনগণই শক্তি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তারা মনে করছেন, বর্তমান সরকারের দুর্নীতি, দমন-নিপীড়ন ও অব্যবস্থাপনার অবসানে বিএনপির প্রস্তাবিত রূপরেখাই দেশের জন্য সঠিক দিকনির্দেশনা।
উল্লেখ্য, বিএনপি সম্প্রতি “রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা” প্রকাশ করেছে, যেখানে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।









