কিউএস র‍্যাঙ্কিংয়ে রাবির দারুণ অগ্রগতি: এশিয়ায় এখন ৩১২তম স্থান

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
কিউএস র‍্যাঙ্কিংয়ে রাবির দারুণ অগ্রগতি: এশিয়ায় এখন ৩১২তম স্থান

মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি :

বিশ্বখ্যাত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দারুণ অগ্রগতি অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে রাবি এশিয়ার মধ্যে ৩১২তম স্থানে অবস্থান করেছে। ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩২০তম।

এ বছর রাবির এ উল্লেখযোগ্য অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, একাডেমিক মান, আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার্থীদের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নয়নেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে রাবি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং একাডেমিক উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করবে।