কালিয়াকৈরে হোটেলে তরুণীকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
কালিয়াকৈরে হোটেলে তরুণীকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের হয়েছে এবং তরুণীর প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ভুক্তভোগী তরুণী ও মমিনুল ইসলাম মোহন দুজনেই আশুলিয়ায় বসবাস করতেন এবং তাদের মধ্যে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে তরুণী অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে তারা রাতেই একটি ফার্মেসিতে গেলে কোনো চিকিৎসা না পেয়ে ফিরে আসেন।

শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে মোহন তরুণীকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তরুণীর মৃত্যু হয়।

এসময় পরিস্থিতি বুঝতে পেরে অ্যাম্বুলেন্স চালক কৌশলে গাড়ি ঘুরিয়ে ভিকটিমের মরদেহসহ দুই আসামিকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

ওসি আব্দুল মান্নান আরও জানান, “ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”