কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রবিউল বাশার
এস এম তাজুল হাসান সাদ, বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। সঞ্চালনা করেন উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও জামায়াত নেতা ড. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও এখনো আমরা সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পাইনি। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও জাতির কল্যাণ, কিন্তু ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করলে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না।”
তিনি আরও বলেন, “দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের ফলে আজ দেশ পিছিয়ে পড়েছে। জাতির উন্নতির জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব।”
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিক সমাজ জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে সত্যকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে—সে জন্য প্রত্যেক সাংবাদিক ও দেশপ্রেমিক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংবাদিক সাইফুল বারী, আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, গাজী মিজানুর রহমান, সোহরাব সবুজ, তাজুল হাসান সাদ, শেখ আরিফুজ্জামান, মীম ইসলাম, প্রমুখ।









