কালাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এএইচএম ওবায়দুর রহমান চন্দন: “সাংবাদিকরা জাতির বিবেক”

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
কালাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এএইচএম ওবায়দুর রহমান চন্দন: “সাংবাদিকরা জাতির বিবেক”

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা যেন বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় সচেতন ও দায়িত্বশীল থাকেন। সমাজে সঠিক তথ্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের কলমই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ যেমন একটি নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করে, ঠিক তেমনি সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি এবং শাসনব্যবস্থার স্বচ্ছতা সম্পর্কে জানার জন্য সাংবাদিকদের দিকেই তাকিয়ে থাকে। আমরা সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তারা শুধু খবর প্রকাশ করেন না, বরং জাতিকে সঠিক পথে পরিচালিত করতেও বড় ভূমিকা রাখেন।

তিনি এসব কথা বলেন বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের কালাই সাংবাদিক পরিষদের নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায়।

এ সময় তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। অথচ বর্তমান ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের মতো বিরোধী দলকে মূল্যায়ন করেনি। বরং মত প্রকাশের স্বাধীনতা হরণ করে, বিরোধী কণ্ঠরোধ করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালন করতে হবে,যাতে করে জনগণ প্রকৃত সত্য জানতে পারে। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, মেঝবাহুল ইসলামসহ কালাই সাংবাদিক পরিষদের সকল সদস্যবৃন্দ।

সভা শেষে অতিথি ও নেতৃবৃন্দ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।