কালাইয়ে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
কালাইয়ে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫), জয়পুরহাট ক্যাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি হাফিজার রহমান লিটন পশ্চিম কুজাইল গ্রামের বাসিন্দা মো. মুনছুর আলীর ছেলে।রোববার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, জয়পুরহাট এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি বিকেলে পূর্ব কুজাইল খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক খান নিজ আলুর জমিতে সার দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবার উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। তবে কোথাও খোঁজ না মেলায় পরদিন ৩ জানুয়ারি সকালে স্থানীয়রা পাশের একটি আলুক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল মালেক খানের বলে শনাক্ত করেন।

প্রথমদিকে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হলেও ভিসেরা রিপোর্টে হত্যার আলামত উঠে এলে নিহতের ছেলে মো. সিদ্দিকুর রহমান আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং অধিকতর তদন্তের দায়িত্ব দেন সিআইডিকে।

পরবর্তীতে মামলার অগ্রগতির অংশ হিসেবে সিআইডির অনুরোধে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে হাফিজার রহমান লিটনকে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার নানা তথ্য উঠে আসে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এরপর তাকে জয়পুরহাট জেলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে,স্থানীয় এলাকাবাসী ও ভিকটিমের পরিবার এই গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন এবং ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।