কক্সবাজারে ভাতিজার গুলিতে চাচা খুন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারের একমাত্র পাহাড়িদ্বীপ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার গুলিতে চাচা খুন হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুন হওয়া ব্যক্তি খুনি সাদ্দাম এর চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) বলে জানা গেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বর্ণিত উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোয়েল ওই এলাকার মৃত ফজল হকের পুত্র। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের পুত্র। ঘটনার পর থেকে খুনি সাদ্দাম পলাতক রয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত দোয়েলের বড় ভাইয়ের সাথে ঘটনার দিন নিজের জমির বিষয় নিয়ে একটু কথা-কাটাকাটি হয় বাড়ির আঙ্গিনার পাশে। এ সময় নিহত দোয়েল ভাতিজা সাদ্দামকে বড় ভাই লোকমানের সাথে বিয়াদবি না করে চলে যেতে বারন করে ঘটনাস্থল থেকে চলে যান। কথা-কাটাকাটি ঘন্টাখানিক পর নিহত দোয়েল বসভিটায় বসে গল্প করছিল হঠাৎ পিছন থেকে এসে সাদ্দামের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার ওপর গুলি করে, পিছনে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পড়ে। আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।
নিহতের স্ত্রী জুলেখা বেগম স্বামী হত্যার বিচার চেয়েছেন। অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।
মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









