এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলনের সঙ্গে জাকসুর একাত্মতা প্রকাশ
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:
চলমান বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শুক্রবার (১৭অক্টোবর) জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সংহতি জানায় তারা।
বিবৃতিতে জাকসু নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সবচেয়ে অবহেলিত খাত হচ্ছে শিক্ষা খাত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন আমাদের শিক্ষকদের। শিক্ষকদের নিম্ন বেতন কাঠামো শিক্ষার মানের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে, যা আমরা বিভিন্ন ফলাফলের মাধ্যমেই দেখতে পাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়, “ন্যূনতম জীবন ধারণের জন্যও যে বেতন দরকার সেটি আমাদের শিক্ষকদের সরবরাহ করা হয় না। বিশ্বব্যাংক এর গবেষণা বলছে– শিক্ষকদের বেতন ১% বাড়ালে শিক্ষার্থীদের শিখনফল ০.৭ শতাংশ বাড়ে। দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, এমনকি রাষ্ট্রযন্ত্র তাদের উপর চড়াও হয়ে লাঠিচার্জ করছে-যা অত্যন্ত দুঃখজনক।”
জাকসু নেতারা চলমান বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রতি সরাসরি সংহতি প্রকাশ করে বলেন, “আমরা মনে করি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো করা প্রয়োজন। রাষ্ট্রের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।"









