এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজি।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা এবং ড. আতিক মুজাহিদ।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি, বিচার ও প্রশাসনিক সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া তুরস্ক ও বাংলাদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, যুব বিনিময় কর্মসূচি (Youth Exchange Program), এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।”

তিনি তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী এ. বেরিস একিনজিকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন

বৈঠক শেষে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, “এই বৈঠক পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক নতুন অধ্যায় রচনা করেছে। ভবিষ্যতে এনসিপি ও তুরস্ক সরকারের মধ্যে নীতি ও উন্নয়নমূলক সংলাপ আরও গভীর হবে বলে আমরা আশাবাদী।”