এনসিপিকে নিয়ে প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশ ১৫ নভেম্বর
মোঃ জাহেরুল ইসলাম:
জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া নতুন প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলমের লেখা এই গ্রন্থটি প্রকাশ করছে আদর্শ প্রকাশনী।
এনসিপির জন্ম, কর্মসূচি ও রাজনৈতিক দর্শন এক বইয়ে
লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ এ দেশের রাজনীতিতে উদীয়মান শক্তি এনসিপিকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হয়ে উঠবে। এতে দলটির জন্ম ইতিহাস, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক বক্তব্য প্রমাণসহ অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি পাঠকদের সামনে এনসিপির প্রাথমিক পথচলার একটি সমন্বিত ও প্রামাণ্য চিত্র তুলে ধরবে।
তিনি বলেন, একই সঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের সমালোচনামূলক বিশ্লেষণ করা হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে পাঠকদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
কারা পড়বেন এই বই
মাহাবুব আলমের মতে, বইটি মূলত তিন ধরনের পাঠকের জন্য বিশেষভাবে উপযোগী—
1. সাধারণ পাঠক— যারা এনসিপির রাজনৈতিক অবস্থান, কর্মকাণ্ড ও যাত্রাপথ সম্পর্কে জানতে চান।
2. এনসিপির নেতা–কর্মীরা— যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুস্পষ্ট ধারণা পেয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়তা পাবেন।
3. গবেষক ও শিক্ষাবিদ— যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তির উত্থান এবং এনসিপির বিকাশ নিয়ে গবেষণা করতে আগ্রহী।
লেখক পরিচিতি
১৯৯৭ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্ম নেওয়া মাহাবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
রাজনৈতিক ইতিহাস ও সমসাময়িক গবেষণায় তার বিশেষ আগ্রহ রয়েছে। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।
আগামী ১৫ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া ‘এনসিপির যাত্রা’ বইটি দেশের রাজনৈতিক অঙ্গনে এনসিপি নিয়ে প্রথম প্রামাণ্য কাজ হিসেবে গুরুত্ব বহন করবে বলে ধারণা করা হচ্ছে।









