একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করবে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম
একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করবে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ
স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই এনসিপি সরকার গঠন করবে। তিনি বলেন, “আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। আমরা ২ বছর লাগুক আর ২০ বছর লাগুক, আমরা জনতাকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সংসদে যাব। একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই হয়।”
শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় “উঠানে রাজনীতি” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিগত ১৬ বছর সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অথচ ৫ আগস্টের পর থেকে এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা এই গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে তারা মুখ খুলছে না।”
তিনি আরও বলেন, “বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে। কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনগণকে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে।”
সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করার আহ্বান জানিয়ে এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, “আমাদের অনেক কর্মী ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফি’র বাইরে কেউ এক টাকা ঘুষ দেবেন না।”
এদিন দেবিদ্বারের বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। সভাগুলোতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।