এইচএসসি পরীক্ষায় ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২০২টিতে পাস করেনি কেউ
স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী শতভাগ পাস করেছে। অন্যদিকে, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেননি।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
এর আগে, সকাল ১০টায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পাসের হার ও তুলনামূলক চিত্র
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ কম।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা
ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন
যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ হাজার জন
বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন
সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন
দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন
মাদ্রাসা বোর্ড (আলিম): ৮৬ হাজার ১০২ জন
কারিগরি বোর্ড (এইচএসসি বিএম/বিএমটি): ১ লাখ ৯ হাজার ৬১১ জন
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে বোর্ডের নাম, রোল নম্বর ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন।
এছাড়া সংশ্লিষ্ট কলেজ থেকেও ফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে —
HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।









