এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন নারী ক্রিকেটার মারুফা
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এবার দেশের গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এবারের ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন।
এবারের পরীক্ষায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের মধ্যে টাইগ্রেস পেসার মারুফা উল্লেখযোগ্য। বর্তমানে তিনি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করছেন। ভারতের মাটিতেই পেলেন দুঃসংবাদ – মারুফা এবারের এইচএসসি পরীক্ষায় ভূগোল বিষয়ে ফেল করেছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
> “ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। আমাদের কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।”
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবারের পরীক্ষায় মোট ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। এছাড়া জিপিএ-৫ পাওয়া অন্য পাঁচজন হলেন – টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস, এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পাশাপাশি কিছু ক্ষেত্রে হতাশার ছাপও লক্ষ্য করা গেছে। বিশেষ করে ক্রীড়াবিদদের জন্য ফলাফল প্রকাশ নতুন একটি চ্যালেঞ্জের সৃষ্টি করেছে, যেহেতু তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা চলাকালীন পরীক্ষা ও ফলাফল সামলাতে হচ্ছে।









