এইচএসসি পরীক্ষায় এবারও শীর্ষে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
এইচএসসি পরীক্ষায় এবারও শীর্ষে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

স্টাফ রিপোর্টার:

চলতি বছরের কামিল পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৬০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯.০৫ শতাংশ।

মাদ্রাসাটির ৬৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ৫৩২ জন এবং মেয়ে ১২৯ জন। ফেল করেছেন মাত্র ১২ জন শিক্ষার্থী। বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছেন ৩৯০ জন এবং মানবিক বিভাগে পেয়েছেন ২৭১ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সারাদেশের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

এদিকে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও আজ প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।

শতভাগ পাস প্রতিষ্ঠানও কমেছে ব্যাপকভাবে। ২০২৪ সালে যেখানে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি, সেখানে এবার তা নেমে এসেছে ৩৪৫টিতে। অর্থাৎ, ১ হাজার ১৩টি প্রতিষ্ঠান কমেছে।

এবার মাদরাসা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম। গত বছর আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী, যা গত বছরের ৯ হাজার ৬১৩ জনের তুলনায় প্রায় অর্ধেকেরও কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সব বোর্ড মিলিয়ে এ বছর ছাত্রের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছেন এবং ৪ হাজার ৯৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

শিক্ষার্থীরা তিন উপায়ে ফলাফল জানতে পারবেন—

১. অনলাইনে: www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে “Result” কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

২. জাতীয় ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

৩. এসএমএসের মাধ্যমে: মোবাইলে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Dha 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

এছাড়া আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে:

🔗 https://rescrutiny.eduboardresults.gov.bd

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, পুনঃনিরীক্ষণের বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।