এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
বোর্ডভিত্তিক ফলাফল:
ঢাকা বোর্ড: ৬৪.৬২%
রাজশাহী বোর্ড: ৫৯.৪০%
কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%
যশোর বোর্ড: ৫০.২০%
চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%
বরিশাল বোর্ড: ৬২.৫৭%
সিলেট বোর্ড: ৫১.৮৬%
দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%
ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%
এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮%, আর ২০২৩ সালে ছিল ৭৮.৬৪%।
ফল প্রকাশ ও প্রক্রিয়া:
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহসহ বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
এবারও ফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন নীতিতে’, এবং ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
ফল জানার পদ্ধতি:
শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই।
অনলাইন:
ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এসএমএস:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025
তারপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: HSC DHA 123456 2025)
আলিম পরীক্ষার ফল (মাদরাসা বোর্ড):
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার ফল দেখা যাবে নিম্নলিখিত উপায়ে:
ওয়েবসাইট: www.bmeb.gov.bd
মেনু থেকে “অনলাইন সেবা-১” → “আলিম পরীক্ষা ২০২৫” অপশন নির্বাচন করতে হবে।
এছাড়া www.educationboardresults.gov.bd-তেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এসএমএস:
ALIM MAD <রোল নম্বর> 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: ALIM MAD 123456 2025)
প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইলে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফল জানার উপায়:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd-এর “Result Corner”-এ গিয়ে প্রতিষ্ঠান আইডি বা কোড দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফল জানা যাবে।
এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফলাফল ও ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন একই ওয়েবসাইট থেকে।
এসএমএস:
HSC TEC <রোল নম্বর> 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: HSC TEC 123456 2025)
ফল পুনঃনিরীক্ষণ:
ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও ফি সংক্রান্ত বিস্তারিত জানানো হবে প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।









