ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্কুল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭, উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্কুল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭, উদ্ধার অভিযান অব্যাহত

ডেস্ক রিপোর্ট:

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আবাসিক স্কুলের বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ এ পৌঁছেছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা উদ্ধারকর্মীদের।

পুলিশ ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, গত সোমবার বিকেলে বহুতল ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। ধসের সময় সেখানে কয়েক শত কিশোর শিক্ষার্থী নামাজের জন্য একত্রিত ছিলেন। বহুতল ভবনের উপরে তখন নির্মাণকাজ চলছিল।

দেশের জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইয়ুধি ব্রামান্ত্যো জানান, রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, আর ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ২৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের বেশিরভাগই ১৩ থেকে ১৯ বছরের কিশোর।

গত শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১৬। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত মরদেহের মধ্যে একটি কেবল দেহাংশ ছিল। উদ্ধারকারীরা শনিবার থেকে রবিবার পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করেছেন।

ধ্বংসস্তূপ সরানোর কাজে এখনও ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ভবনের ধসে পড়া অংশ সরানোর সময় অন্যান্য অংশে কাঁপুনি দেখা দেয়, তাই খুব সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে।

ধসের পর প্রথম ৭২ ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে গণনা করা হয়, যেটি বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময় শেষ হওয়ার পর পরিবারের অনুমতি নিয়ে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্র ব্যবহার শুরু করা হয়।

এখনো ধ্বংসস্তূপে চাপা পড়া শিক্ষার্থীদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মনে করছেন, নিম্নমানের নির্মাণ কাজই ভবন ধসের মূল কারণ হতে পারে।

স্থানীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ করার আশা রয়েছে।