ইছামতি নদী খননে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি :
পাবনায় ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের আওতায় নদী খননের মাটি ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি ও বসতবাড়ির পাশে ফেলে রাখায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে গয়েশপুর ও একদন্ত ইউনিয়নের নদীর দুই পাড়ের শতাধিক ভুক্তভোগী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খননের পর উত্তোলিত মাটি জোরপূর্বক নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে ফেলে রাখে। এতে তিন ফসলের জমি নষ্ট হয়েছে, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ সময় ওই মাটি রেখে পরে তা বিক্রিও করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
তারা বলেন, “নদী থেকে মাটি তোলার সময় একবার ক্ষতি হয়েছে, আবার মাটি বিক্রির সময় আরও ক্ষতি হচ্ছে। এতে হাজারো কৃষক ও বসতবাড়ির মালিক আর্থিকভাবে বিপর্যস্ত।” এ অবস্থায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সরকার প্রধানের কাছে ক্ষতিপূরণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম ও সলিম উদ্দিন প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি গ্রহণ করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।









