আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক:

ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি এখন লিওনেল মেসিকে নিয়ে। ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই সমর্থকদের কৌতূহল—আরেকবার কি আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে বিশ্বমঞ্চে দেখা যাবে এই ফুটবল জাদুকরকে?

সেই জল্পনায় এবার নিজেই আলো ফেললেন মেসি। জানালেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে শর্ত আগের মতোই একটাই—শারীরিক ফিটনেস।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সবসময়ই বিশেষ। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও জানান, ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের প্রস্তুতির সময় প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। ফিট মনে হলে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলে যোগ দেবেন।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। বয়সের কারণে এবার হয়তো এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। তাই সিদ্ধান্ত নিতে কোনো তাড়াহুড়া করতে চাইছেন না তিনি। মেসির ভাষায়, “শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি সবসময় নিজের সঙ্গে সৎ থাকতে চাই।”

এদিকে মাঠের পারফরম্যান্সে এখনো সমান উজ্জ্বল মেসি। চলতি এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন নিজের প্রথম গোল্ডেন বুট। পাশাপাশি এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট তিনি। যদি পুরস্কারটি জিতে নেন, তবে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমভিপি অর্জনের রেকর্ড করবেন।

মেসির বর্তমান লক্ষ্য ক্লাব সাফল্য। এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ৩–১ গোলে জিতে ইতিমধ্যেই সুবিধাজনক অবস্থানে আছে দলটি।

বিশ্বকাপজয়ী অধিনায়ক আবারও কি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়াবেন? তার সিদ্ধান্তের জন্য তাকিয়ে পুরো দুনিয়া। অপেক্ষা ফিটনেস রিপোর্টের।