আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতি: সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভ, পুনর্বহালের দাবি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতি: সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভ, পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার:

আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে সাংবাদিকদের তিন সংগঠন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

সোমবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ স্বৈরাচারী কায়দায় দুই সাংবাদিককে চাকরিচ্যুত করেছে।

তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন, অগ্রহণযোগ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

অন্যদিকে, মঙ্গলবার এক পৃথক বিবৃতিতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান বলেন, আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানের চাকরিচ্যুতি ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’। তারা অবিলম্বে মাহফুজ উদ্দিন খানকে পূর্বের পদে পুনর্বহালের দাবি জানান।

সংগঠনটির দফতর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় ডিএসইসি সবসময় মাঠে থাকবে।

এছাড়া, জুলাই রেভল্যুশনারী জার্নালিস্ট’স অ্যালায়েন্স (জেআরজেএ)-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত করা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।”

তিনি সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত দুই সাংবাদিককে পুনর্বহাল না করা হলে সংগঠনটি রাজপথে কর্মসূচি ঘোষণা করবে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধই হবে স্বৈরাচারী পদক্ষেপের একমাত্র জবাব।