"আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা" বলে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
"আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা" বলে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃস্বাধীন খন্দকার,  রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৯–২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা নিজ বাসায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার সকালে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের সপ্তম তলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় তার রুম থেকে চারটি চিরকুট উদ্ধার করা হয়। একটি চিরকুটে লেখা ছিল, “আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা।” বাকি চিরকুটগুলোতে তিনি সবার মঙ্গল কামনা করেছেন এবং তার দেহের ময়নাতদন্ত না করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোনিয়ার সহপাঠীরা জানান, তিনি হাসিখুশি ও মিশুক স্বভাবের ছিলেন। গতকালও পরীক্ষায় অংশ নিয়েছিলেন, আচরণেও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তার এমন সিদ্ধান্তে তারা হতবাক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, এবং তারা প্রয়োজনীয় সহায়তা ও তদন্তে পরিবারকে সহযোগিতা করবে।

পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।