আমতলীতে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ: ছাত্রলীগ–যুবলীগ সংশ্লিষ্ট ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
আমতলীতে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ: ছাত্রলীগ–যুবলীগ সংশ্লিষ্ট ৫ জন গ্রেফতার

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে পার্কিং করা একটি যাত্রীবিহীন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ–সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে পুলিশ। ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে রাখা স্বর্ণা পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, পটুয়াখালী-ব ১১-০০৪৬ নম্বরের বাসটি রাতে পার্কিং অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—

১. মো. আতাউর রহমান রাসেল (২৯), পিতা— আল আমিন খান; সাং— বৈঠাঘাটা। (সহ-সভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ)

২. মো. পারভেজ খান (২৮), পিতা— মো. হাসন আলী খান; গুলিসাখালী ইউনিয়ন, ১নং ওয়ার্ড। (যুগ্ম আহ্বায়ক, আমতলী উপজেলা ছাত্রলীগ)

৩. মো. তন্ময় গাজী (৩৩), পিতা— মো. হিমু গাজী; সাং আমতলী পৌরসভা ৮নং ওয়ার্ড। (আমতলী পৌর যুবলীগ সদস্য)। তার বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

৪. মো. কাওছার আহমেদ রনি (৩৩), পিতা— মো. আতিকুর রহমান ডাকুয়া; সাং— সবুজবাগ ৫নং ওয়ার্ড। (আমতলী পৌর ছাত্রলীগের সাবেক সদস্য)

৫. মো. ছগির মল্লিক (২৩), পিতা— মো. দেলোয়ার মল্লিক; সাং— পাতাকাটা ৮নং ওয়ার্ড। (সাবেক ছাত্রলীগ কর্মী)। তার বিরুদ্ধে মাদক আইনে একটি সহ মোট দুইটি মামলা রয়েছে।

আমতলী থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনার পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো বিরোধ জড়িত আছে, তা তদন্তে বিস্তারিত জানা যাবে।