আবাসিক হলের সমস্যার খোঁজে রাবি উপাচার্য
মো: স্বাধীন খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার সকালে শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেছেন। এসময় তিনি হলের ভৌত অবকাঠামোর অবস্থাসহ শিক্ষার্থীদের আবাস কক্ষ ও আনুষঙ্গিক সুবিধাদি যেমন, রান্নাঘর, ডাইনিং-ক্যান্টিন, পাঠকক্ষ ও কমনরুম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
উপাচার্য হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের আবাসন পরিবেশ আরও উন্নত ও আরামদায়ক করতে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন।
শেরে বাংলা ফজলুল হক হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, প্রাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম এবং হল ছাত্র সংসদের সহ-সভাপতি মো. রানা হোসাইন।
মন্নুজান হল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রাধ্যক্ষ প্রফেসর মোছা. আশীয়ারা খাতুন, হল ছাত্র সংসদের সহ-সভাপতি সুমাইয়া জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রজন্মের আবাসিক হল। গত শতাব্দীর ষাটের দশকে নির্মিত এই দুটি ঐতিহ্যবাহী হল বিশ্ববিদ্যালয়ের আবাসন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।









