আনন্দ-উচ্ছ্বাসে খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা উদযাপন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম
আনন্দ-উচ্ছ্বাসে খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা উদযাপন

খুবি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পূজা ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দ, রঙ ও ভক্তিভাবের এক অপূর্ব মেলবন্ধন।

২০ অক্টোবর (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চলে নানা আয়োজনে পূজার উৎসব।

রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় সব ধর্মের অনুসারীদের জন্য সমান মর্যাদা ও স্বাধীনতার জায়গা। এখানকার সবচেয়ে বড় শক্তি হলো সৌহার্দ্য ও সহাবস্থান। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যেখানে মানবিকতা, শ্রদ্ধা ও ঐক্যই হবে একমাত্র বন্ধন।”

তিনি আরও আহ্বান জানান, বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সকলকে সচেতন থাকতে হবে যেন কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে বা উসকানিমূলক কোনো আচরণে জড়ায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। সূচনা বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহাগ চন্দ্র, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা।

মন্দির প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় এক অনাবিল আনন্দের মিলনমেলায়। কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন, কেউবা বন্ধুদের সঙ্গে আলোকসজ্জায় সেলফি তুলতে ব্যস্ত সব মিলিয়ে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও ভক্তির আবহ।

শ্যামা পূজা উপলক্ষে আগামীকাল ২১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।