আদিতমারীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত
মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতা-কর্মী দলে দলে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকেন। ফলে পুরো ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং সমাবেশস্থলে উপস্থিত জনতার ঢল সৃষ্টি হয়।
জনসভায় সভাপতিত্ব করেন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রধান বক্তা ছিলেন মোঃ সালেকুজ্জামান প্রামানিক, সাবেক সদস্য সচিব আদিতমারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল সরকার, প্রফেসর আবু ইয়াহিয়া ইউনুস, মোনায়েম সিদ্দিকী মিলন, মুকুল চৌধুরী, মিজানুর রহমান মিজান ও আব্দুর রশিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। তারা দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।









