আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আত্মসমর্পণ করার পর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাদের আইনজীবী তুহিন হাওলাদার। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে জামিন প্রদান করেন।

এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

অভিযোগের বিবরণ

মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে আমিরুল ইসলামকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে বিভিন্ন সময়ে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি।

পাওনা টাকা চাইতে গেলে বারবার সময়ক্ষেপণ করেন তারা। এরপর ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, আলিসান ও আরও ৪-৫ জন তাকে গালাগাল করেন এবং বলেন—

> “আর কোনোদিন আমাদের বাসায় টাকা চাইতে আসবি না। বাসার সামনে দেখলে মেরে ফেলব।”

মামলার নথিতে উল্লেখ রয়েছে, এ ঘটনার পর আমিরুল ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে তদন্ত চলছে এবং আগামী ১৮ ডিসেম্বর এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।