আজিমপুরে হাজি সেলিমের ভবনে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আজিমপুরে হাজি সেলিমের ভবনে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের মালিকানাধীন ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি ভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ভবনের বেসমেন্ট থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলশান আরা মাসুদা টাওয়ারের ১২তলায় অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযান চলাকালে ভবনের বেসমেন্টে একটি গোপন কক্ষ থেকে ৩টি বিলাসবহুল গাড়িসহ মোট ৬টি গাড়ি উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, জব্দ হওয়া গাড়িগুলোর মধ্যে একটি সাদা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি হাজি সেলিমের নিজস্ব। এছাড়া একটি গাড়ি ‘মদিনা ট্রেডিং করপোরেশন’-এর নামে নিবন্ধিত। অন্য একটি গাড়ি একটি শিল্পপ্রতিষ্ঠানের নামে এবং বাকি দুইটি গাড়ি ব্যক্তিগত নামে রয়েছে। তবে গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনো পাওয়া যায়নি।

অভিযান চলাকালে ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি, তবে পরিচয় নিশ্চিত করার পর ভাড়াটিয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করতেন। সাধারণ মানুষের প্রবেশ সেখানে প্রায় নিষিদ্ধ ছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজি সেলিম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন। অপর ছেলে ইরফান সেলিম এখনো পলাতক।