আগামীকাল ট্রাইব্যুনালের রায় কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: আগামীকাল ঘোষিত ট্রাইব্যুনালের রায় যথাযথভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সবাই এখন নির্বাচনমুখী। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “পরিস্থিতি খুব ভালোও না, খারাপও না। তবে সামগ্রিকভাবে মোটামুটি সন্তোষজনক।”
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রতিটি জেলায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় বরিশাল রেঞ্জ ও মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ তদারকি নিয়ে সভায় আলোচনা হয়।









