অমর একুশে বইমেলা ২০২৬ স্থগিত, জাতীয় নির্বাচনের পর আয়োজনের আভাস

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অমর একুশে বইমেলা ২০২৬ স্থগিত, জাতীয় নির্বাচনের পর আয়োজনের আভাস

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ সালের জন্য নির্ধারিত শুরুর তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি। আগামী বছরের ১৭ ডিসেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনকে ঘিরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত বাংলা একাডেমিকে জানানো হয়েছে। সেখানে বলা হয়, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত তারিখ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর ফলে এবারের বইমেলা নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর মাসে হচ্ছে না। তবে আভাস মিলেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরই মেলা আয়োজন করা হতে পারে।

বাংলা একাডেমি জানায়, নির্বাচনের তারিখ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে বইমেলার নতুন তারিখ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।