অবশেষে গ্রেপ্তার আলোচিত বাংলাদেশি পর্ন তারকা দম্পতি
স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন ধরে আলোচিত ও সমালোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিআইডির এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার ওই দম্পতি বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে নিয়মিত প্রাপ্তবয়স্ক (পর্নোগ্রাফিক) কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই বিশ্বের জনপ্রিয় কয়েকটি পর্ন সাইটের মধ্যে শীর্ষস্থানে উঠে আসে।
এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাংলাদেশে অবস্থান করেই তারা আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দিয়ে তারা নিয়মিত বিভিন্ন কনটেন্ট প্রকাশ করতেন।
গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। মাত্র এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তারা শুধু একটি নয়, বরং একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করতেন। পাশাপাশি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের কার্যক্রম প্রচার করতেন।
২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নিয়মিত নতুন ভিডিওর লিংক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো।
অনুসন্ধানে আরও জানা গেছে, তারা তরুণ-তরুণীদের এ শিল্পে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন। কিছু অনলাইন পোস্টে দেখা গেছে, ‘নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান’ — এমন আহ্বানমূলক বার্তা প্রচার করা হচ্ছিল।
সিআইডির এক কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সাইবার নিরাপত্তা আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একাধিক মোবাইল, ক্যামেরা ও ল্যাপটপ।
অভিযানের বিস্তারিত বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সিআইডি।









