হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৭০ জনসহ ১৫ মার্চ থেকে দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
এমকে/বিএম২৪









