ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১,০৯৭ আক্রান্ত, মৃত্যু ৩
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন তিনজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৩৯ জন। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন। এ পর্যন্ত মোট ৩২ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৪৫৯ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪৩, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমকে/বিএম২৪









