বিসিবি নির্বাচন: মনোনয়ন নিলেন তামিম, রাজ্জাক ও পাইলট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
বিসিবি নির্বাচন: মনোনয়ন নিলেন তামিম, রাজ্জাক ও পাইলট

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে ফরম নেন। তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।


শুধু তামিমই নন, বিসিবি নির্বাচনে অংশ নিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও। তিনি সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আরেক সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট মনোনয়ন নিয়েছেন সি ক্যাটাগরি থেকে।


তিন ক্যাটাগরিতে নির্বাচন


বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে—


জেলা ও বিভাগ ক্যাটাগরি: ১০ জন পরিচালক


ক্লাব ক্যাটাগরি: ১২ জন পরিচালক


সংস্থা ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি: ১ জন পরিচালক



এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুইজন পরিচালক মনোনীত হন।


মনোনয়ন ফরম বিতরণ


শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবির নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলে। ফরম বিতরণের প্রথম দিনেই তামিম, রাজ্জাক ও পাইলটের মতো তারকা ক্রিকেটারদের আগমন নির্বাচনী অঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে। ফলে আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে।


বিশ্লেষকদের মতে, সাবেক জাতীয় তারকা ক্রিকেটারদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ ভবিষ্যতে বিসিবির নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখতে পারে। তাদের অভিজ্ঞতা ও মাঠের বাস্তবতা বোঝার দক্ষতা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলোকে আরও যুগোপযোগী করে তুলবে বলে মনে করছেন অনেকেই।