‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়’
ছবি: বিডি মেইল
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন।
তিনি বলেন, এ দিবস জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ফজলুল হক মিলন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপি আজও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।
দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যালিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। বিভিন্ন স্লোগানে তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটান।
এমকে/বিএম২৪









