হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু রোগীর মৃত্যু, বিল ২ লাখ ৭৬ হাজার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম
হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু রোগীর মৃত্যু, বিল ২ লাখ ৭৬ হাজার

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


চট্টগ্রামে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়।


রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।


রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। পরে ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।


আসলাম উদ্দিন জানান, ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তির পর রাফসানকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।


তিনি অভিযোগ করে বলেন, “গতকাল দুপুর ১২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করালাম। আজ দুপুর ২টার সময় রাফসান মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে। যা অতিরিক্ত।”


পরিবারের অভিযোগ, অল্প সময়ের চিকিৎসার বিপরীতে এত বেশি বিল হওয়ায় তারা আর্থিকভাবে চাপে পড়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



এমকে/বিএম২৪