সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে আজিবর

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে আজিবর

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপিজি বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহত আজিবর রহমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন আজিবর। পথে চলন্ত অটোরিকশায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত আজিবরকে স্থানীয়রা উদ্ধার করে কেপিজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে জটিলতা দেখা দেয়। পরে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’