শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাড়া বাসা থেকে বিভিন্ন আকারের প্যাকেটে থাকা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গাজীপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরমী বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য পায় পুলিশ। এর পর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে অভিযান শুরু করে শ্রীপুর থানার একটি দল। পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে বরমী মধ্যপাড়া এলাকার কাজল নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাহমিনাকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি গাঁজার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।


পুলিশের ভাষ্য, পলাতক কবির হোসেন একজন আন্তঃজেলা মাদক কারবারি। তিনি ও তার স্ত্রী দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিলেন।


পুলিশ আরও জানায়, সিডিএমএস (CDMS) রেকর্ড পর্যালোচনায় কবির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানা, ঢাকা মহানগর পুলিশের রমনা মডেল থানা এবং ময়মনসিংহের ভালুকা মডেল থানায় মাদকসহ বিভিন্ন ধারায় অন্তত ১১টি মামলা বিচারাধীন রয়েছে।


এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহমিনা ও পলাতক কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) প্রেস ব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪