শরীয়তপুরে ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা দিলেন স্বজনরা

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম
শরীয়তপুরে ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা দিলেন স্বজনরা

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের সখিপুরে ছয় কন্যাসন্তানের নামে জমি লিখে দেওয়ায় আব্দুর ছাত্তার খান নামে এক বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে। শুধু ঘরে তালা দেওয়াই নয়, রান্নার চুলো ভেঙে ফেলা, গাছপালা কেটে নেওয়া এবং চলাচলের পথ বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের ডিএমখালী বাজারসংলগ্ন মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্ট্রোকের কারণে শারীরিকভাবে চলাচলে অক্ষম ওই বৃদ্ধ বর্তমানে নিজের ঘরের সামনে খোলা আকাশের নিচে মাটিতে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করছেন।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাঝিকান্দি এলাকার বাসিন্দা আব্দুর ছাত্তার খানের কোনো পুত্রসন্তান নেই। তাঁর ছয়টি মেয়ে রয়েছে। সম্প্রতি তিনি নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য এক মেয়ের বাড়িতে যান তিনি। এ সময় জমি লিখে দেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তাঁর ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার।


পরিবারের অভিযোগ, জমি লিখে দেওয়ার জের ধরে অভিযুক্তরা আব্দুর ছাত্তার খানের বসতঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি রান্নার চুলো ভেঙে ফেলেন এবং বাড়ির গাছপালা কেটে নিয়ে যান। কাটা গাছের গুঁড়ি ঘরের সামনে স্তূপ করে রেখে চলাচলের পথ ও দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।


চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নিজের ঘরে তালা ঝুলতে দেখেন আব্দুর ছাত্তার খান। স্ট্রোকের কারণে শারীরিকভাবে চলাচলে অক্ষম হওয়ায় ঘরে প্রবেশ করতে না পেরে বর্তমানে ঘরের সামনেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


তবে অভিযুক্ত মোস্তফা খান জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় ঘরে চুরির ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই নিরাপত্তার জন্য ঘরে তালা দেওয়া হয়েছে।


এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তিনি মাত্রই জানতে পেরেছেন। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমকে/বিএম২৪