লালমনিরহাটে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ছবি: বিডি মেইল
মো. আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বালুভর্তি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতদের মধ্যে একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫) এবং হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া (২৪) রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লব মিয়াসহ কয়েকজন যুবক ফুটবল খেলা দেখতে পাশের আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে যান। খেলা শেষে সন্ধ্যায় একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বিপ্লব। এ সময় অটোরিকশায় থাকা অন্য যাত্রীরাও আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









