রেললাইনের পাশ থেকে ভাসমান ব্যক্তির মরদেহ উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয়
সূত্রঃ সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে খলিলুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উত্তরবঙ্গগামী রেললাইনের পূর্ব পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত খলিলুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামের মো. ইউনুস বারী ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হয়। পরে আঙুলের ছাপ বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করে পিবিআই।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খলিলুর রহমান বেশ কিছুদিন ধরে জয়দেবপুর স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় ঘোরাফেরা করতেন। তবে গত কয়েকদিন ধরে তাকে সেখানে দেখা যায়নি।
তিনি আরও জানান, খলিলুর রহমান ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমকে/বিএম২৪









