ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

ছবি: বিডি মেইল

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জে ব্যবসায়িক লেনদেনের কথা বলে নগদ চার লাখ টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে মো. মোশাহিদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় পাওনা টাকা ফেরত পেতে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন বিকাশের ডিএসও মোহাম্মদ রেজাউল করিম বুলবুল।


শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বুলবুল।


লিখিত বক্তব্যে তিনি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারে অবস্থিত মোশাহিদ টেলিকমের মালিক মো. মোশাহিদের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে নিয়মিত ব্যবসায়িক লেনদেন ছিল। প্রতিদিন তাঁদের মধ্যে চার থেকে পাঁচ লাখ টাকার লেনদেন হতো। দীর্ঘদিনের এই সম্পর্কের কারণে মোশাহিদের প্রতি তাঁর আস্থা তৈরি হয়েছিল।


বুলবুলের অভিযোগ, গত ১ নভেম্বর সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টসংলগ্ন টাউন হল এলাকায় মোশাহিদের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় দোকানে গিয়ে বিটুবি (B2B) লেনদেনের মাধ্যমে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে নগদ চার লাখ টাকা নেন মোশাহিদ।


কিন্তু টাকা নেওয়ার পর থেকে বিটুবির মাধ্যমে আর টাকা পরিশোধ করেননি তিনি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে মোশাহিদ টেলিকমে গিয়ে দোকানটি বন্ধ দেখতে পান বলে জানান বুলবুল।


তিনি আরও জানান, মোশাহিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও ঘটনার দিন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানান। পাঁচ দিন পেরিয়ে গেলেও মোশাহিদের কোনো সন্ধান কিংবা টাকা ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।


সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, একজন সাধারণ চাকরিজীবী হিসেবে তাঁর কাছে চার লাখ টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তিনি ওই টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা ফেরত না পাওয়ায় বর্তমানে চরম আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় রয়েছেন।


তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সুনামগঞ্জ সদর থানার পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন। আগামীকাল লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


পাশাপাশি আদার বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি মোশাহিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন বুলবুল। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে অনুরোধও করেন তিনি।


সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, কাউকে হয়রানি বা অপপ্রচার করা তাঁর উদ্দেশ্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর কষ্টার্জিত চার লাখ টাকা ফেরত পাওয়াই তাঁর মূল প্রত্যাশা। এ জন্য প্রশাসন, পুলিশ, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


এমকে/বিএম২৪