বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করা যেত। আর সেই পথে সবচেয়ে বড় বাধা প্রসীত খীসা।
রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের মারমা কল্যাণ সংসদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করে নতুন করে চুক্তি বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সংঘাতের আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। প্রসীত খীসার নেতৃত্বাধীন পক্ষকে জাতির জন্য সুবিধাবাদী ও প্রতারক আখ্যা দিয়ে তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম জনগোষ্ঠী পাহাড়ে শান্তিতে বসবাস করতে পারত।
তাঁরা বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে বক্তারা উন্নয়ন ও জুম্ম জাতির অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জুম্ম জাতির কল্যাণে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান তাঁরা।
‘সত্যের জয় অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।
এ ছাড়া বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমাসহ অন্য নেতারা।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন একসঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়। পরে ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।
এমকে/বিএম২৪









