ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের ৬ মাসের কারাদণ্ড
সূত্রঃ সংগৃহীত
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় মোট ৪৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনতার মোড়ের পাঁচতারা রেস্টুরেন্টকে পোড়া তেল ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং অনুমোদনহীন সস ও মশলা ব্যবহারের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার গোল্ড ডিয়ার ফাস্টফুডকে পোড়া তেল ব্যবহার এবং ট্রেড ও স্যানিটারি লাইসেন্সসহ কোনো লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গোয়ালচামটের মোল্লাবাড়ি সড়কের জনতা ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক)-কে অবৈধভাবে ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন ও বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে সরকারি কার্যক্রমে অসহযোগিতা ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মোল্লা পিওর ড্রিংকিং ওয়াটার-এর স্বত্বাধিকারীকে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জনতার মোড়ের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ঘি উৎপাদন কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্ক করে দুই কার্যদিবসের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো-এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই, ফরিদপুর।
এমকে/বিএম২৪









