জুয়ার আসরে পুলিশের অভিযানের জের, সাংবাদিককে গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
জুয়ার আসরে পুলিশের অভিযানের জের, সাংবাদিককে গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ছবি: সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি 


বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান পরিচালনায় তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে এক সাংবাদিককে মারধর ও গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


শনিবার (৭ নভেম্বর) অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন। 


আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।


ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল। শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। পুলিশের এই অভিযানের পেছনে ফারুকের ভূমিকা রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহ থেকে তাঁর ওপর ক্ষুব্ধ হয় জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা।


ফারুকের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পরিস্থিতি থেকে সরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার আসরে পুলিশের অভিযানের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাঁকে অযথা সন্দেহ করে পরিকল্পিতভাবে মারধর ও হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।


এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট শাখা। সংগঠনটির সভাপতি সৈকত মন্ডল ও সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ নেতারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।