চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

সংগৃহীত

রংপুর প্রতিনিধি


রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।


বাসের যাত্রী একই এলাকার বাসিন্দা আতিক ইসলাম জানান, তাঁর কাছে টাকা থাকায় তাঁকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।


আতিক আরও জানান, তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।


নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।


পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।


তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪