খাগড়াছড়িতে ২৪ গুইসাপসহ নারী আটক
সূত্রঃ সংগৃহীত
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার এলাকায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে পাঁচটি বস্তা থেকে গুইসাপগুলো উদ্ধার করা হয়। বুধবার (১২ আগস্ট) চেঙ্গী স্কয়ার এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ওই নারীকে আটক করা হয়।
আটক প্রেমরাছো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকায় গুইসাপগুলো কিনে এনেছিলেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচটি বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া গেছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল।
তিনি জানান, উদ্ধার করা জীবিত ১০টি গুইসাপ আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। আর মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রি জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।









