কুড়িগ্রামে জিপিএ-৫ পাওয়া ৫০০ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে হামদ-নাত, ইসলামী সংগীত, শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য এবং ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যে পেশাতেই শিক্ষার্থীরা যুক্ত হোক না কেন, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিকিৎসক ডা. মো. আমিনুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন জরুরি। শিক্ষাজীবন থেকেই শৃঙ্খলা, ভালো চরিত্র ও দায়িত্বশীলতার চর্চা করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তারা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।









